**শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা, বেড়েছে ভর্তি ফি**
গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার গত বছরের চেয়ে ভর্তি ফিও ৭৫০ টাকা বাড়ানো হয়েছে।
শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব আবু সাঈদ আরফিন খান এই তথ্য জানিয়েছেন। একইসাথে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছের মাধ্যমে ইতোমধ্যে যারা শাবিপ্রবির জন্য প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন (তবে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি) অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবির জন্য মনোনীত হয়েছেন, তাদের ২৩ এবং ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এর মধ্যে গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) শিক্ষার্থীরা ২৩ অক্টোবর এবং ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায়) শিক্ষার্থীরা ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে এসে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করবেন।
যারা ওই সময়ে উপস্থিত হতে পারবেন না, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত ভর্তির আগে শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো হবে। বিস্তারিত তথ্য শাবিপ্রবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যা যা নিয়ে যেতে হবে:
১. ১৩ হাজার টাকা অন্তিম ভর্তি ফিসহ
২. প্রাথমিক ভর্তির ‘কনফার্মেশন স্লিপ’ বা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র
৩. কোটায় ভর্তি প্রার্থীদের জন্য ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্রাদি
শাবিপ্রবির ভর্তি কমিটির সচিব আবু সাঈদ আরফিন খান বলেছেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ১৭ হাজার ২৫০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিভাগের উন্নয়ন ফি বাবদ ৭৫০ টাকা বাড়ানোয় সর্বমোট ভর্তি ফি এখন ১৮ হাজার টাকা। তবে পূর্বের ৫ হাজার টাকা দিয়ে গুচ্ছের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করায় শাবিপ্রবির জন্য শিক্ষার্থীদের আরও ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি পাচ্ছে ক্রমেই। ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ৬০০ টাকা। এরপরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ভর্তি ফি নেওয়া হয় ১৫ হাজার টাকা। পরের বছর আরও ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয় ১৭ হাজার ২৫০ টাকা।
এর আগে শাবিপ্রবি এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার টাকা। এরও আগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৭ হাজার ৫০০ টাকা এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৬ হাজার ৮৫০ টাকা।