গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলা, কুপিয়ে আহত করা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর মেট্রোপলিটন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ী মো. সোহরাব হোসেন (৩৯) দক্ষিণ সালনা এলাকায় “সোহরাব কম্পিউটার” নামে একটি প্রতিষ্ঠানে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. কাউসার (৩৫) পিতা জাহের আলী সাং দেশিপাড়া, ১৯ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, এর সঙ্গে তার বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, রবিবার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে মো. কাউসার এবং আব্দুল হামিদ সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দক্ষিণ সালনায় সোহরাব হোসেনের দোকানে প্রবেশ করেন। এ সময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে কাউসার ধারালো রামদা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত তুলে ঠেকাতে গেলে তার বাম হাতের কনুইয়ের ওপর গুরুতর কাটা জখম হয়।
এছাড়া হামলাকারীরা দোকানে থাকা কম্পিউটার ও মোবাইল ফোন ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সোহরাব হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।