ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাবে টুখেল
ইংল্যান্ড ফুটবল দলের কোচের পদটা ইংল্যান্ডের ক্রীড়া অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিগুলির মধ্যে একটি। তাই এই বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের আগ্রহ বেশি থাকাটাই স্বাভাবিক।
গ্যারেথ সাউথগেটের অবসর গ্রহণের পর ইংল্যান্ডের পরবর্তী কোচ কে হচ্ছেন—এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়ে পড়েছে সংবাদমাধ্যমগুলি। এই সব চলতে থাকা অবস্থায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গোপনে কাজ সেরে ফেলে।
গত ৮ অক্টোবর এফএ টমাস টুখেলকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এই খবর প্রকাশ করা হয় গতকাল। লন্ডনের ওয়েম্বলিতে গতকাল টুখেলের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপরই সংবাদ সম্মেলনে ৫১ বছর বয়সী এই জার্মান কোচ জানান তাঁর লক্ষ্য। ১৯৬৬ সালের বিশ্বকাপ ছাড়া আর কোনো ট্রফি জিততে না পারা ইংল্যান্ডের দীর্ঘদিনের আক্ষেপ তিনি ঘোচাতে চান ২০২৬ বিশ্বকাপ জিতে।
সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমি জানি, এই ফেডারেশন এখনও কোনো ট্রফি জেতেনি। অবশ্যই আমি সেগুলো এনে দিতে সাহায্য করতে চাই।’
২০২০ ও ২০২৪—সাউথগেটের অধীনে ইংল্যান্ড টানা দুটি ইউরোর ফাইনালে হেরে যায়। ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ উয়েফা নেশনস লিগের সেমি-ফাইনালেও তারা হেরে যায়। টুখেলের মতে, ইংল্যান্ড দল আরও একটু কাজ করলেই সাফল্যের শীর্ষে উঠতে পারবে, ‘গ্যারেথ (সাউথগেট) ও এফএ একটি ভিত তৈরি করে দিয়েছেন, আমরা সেই ভিতের ওপর ভিত্তি করে নিজেদের গড়ে তুলব। আমার বিশ্বাস, আরও কিছু সংযোজন করতে পারলেই আমরা বাধা পার হতে পারব। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা যত দ্রুত সম্ভব মূল্যবোধ, নীতি ও নিয়ম তৈরির চেষ্টা করব।’
ইউরো থেকে ইংল্যান্ডকে বাদ দেওয়ার হুমকি দেওয়া উয়েফার প্রয়াত সভেন–গোরান এরিকসন ও ফাবিও কাপেলোর পর ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিলেন টুখেল। ইংরেজ ক্লাব চেলসিকে প্রায় দেড় বছর কোচিং দেওয়ার কারণে দেশটির ফুটবলের প্রকৃতি তিনি ভালোই জানেন। ২০২১ সালে চেলসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল টুখেলের কোচিংয়ে।
তবে অনেক দেশি কোচ থাকা সত্ত্বেও জার্মান কোচ টুখেলকে নিয়োগ দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে এফএ।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল গতকাল তাদের ছাপানো সংস্করণের শেষ পাতায় টুখেলের কোচ হওয়াকে ‘ইংল্যান্ডের জন্য অন্ধকার একটি দিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। নাম প্রকাশ না করা সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘থ্রি লায়ন্স (ইংল্যান্ড ফুটবল দলের ডাকনাম) একজন জার্মানের সঙ্গে জুয়া খেলছে…তবে টুখেলের নিজেকে প্রমাণ করার জন্য মাত্র ১৮ মাস সময় রয়েছে।’
জুলাই মাসে সাউথগেটের অবসর নেওয়ার পর অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া লি কার্সলি আগামী মাসে নেশনস লিগে আয়ারল্যান্ড ও গ্রিসের বিরুদ্ধেও ইংল্যান্ডের ডাগআউটে বসবেন।
টুখেল যদিও আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তবে কাজ শুরু করবেন আগামী বছরের ১ জানুয়ারি থেকে। তাঁর সঙ্গে এফএ-এর চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে টুখেলের সহকারী হিসেবে একজন ইংরেজ কোচ আছেন। লিভারপুলে জন্ম নেওয়া অ্যান্থনি ব্যারি এর আগে চেলসি ও বায়ার্ন মিউনিখেও টুখেলের সহকারী ছিলেন।