৫২ মফস্বল ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আজ শনিবার নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছে।
কুমিল্লা: জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাশ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে উত্তর চান্দলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাধারণ সদস্য প্রার্থী মোরগ প্রতীকের রেজাউল করিমের অনুসারীদের সঙ্গে চাপকল প্রতীকের সুলতান আহমেদের অনুসারীদের ভোট দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলেই তাপসের মৃত্যু হয়। তাঁর বাড়ি উত্তর চান্দলা গ্রামে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা মাদ্রাসা ভোটকেন্দ্রে আজ দুপুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন ইউপি প্রার্থীর কর্মী-সমর্থকের সংঘর্ষ চলাকালে গুলিতে এক যুবক নিহত হন। তাঁর নাম মাহবুব আলম (২৮)। তিনি মাছখুড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কালডাঙ্গা মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ইউপি প্রার্থী গিয়াস উদ্দিন, মো. আলম ও সামশুল হকের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মাহবুব আলম নিহত হন। এ ঘটনায় দুজন গুলিতে আহত হয়েছে। নাজিম উদ্দিন নামে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন।