**গুগলে চাকরি পাওয়া: সুন্দর পিচাইয়ের পরামর্শ**
জীবনের প্রথম চাকরি গুগলে পাওয়া অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন হয়। কিন্তু কীভাবে সেই চাকরি পাওয়া যায়, সেটা অনেকেই জানে না। কোম্পানি কেমন কর্মী খোঁজে বা প্রার্থীদের মধ্যে কি কি গুণ দেখে এই প্রশ্নের উত্তর দিয়েছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল ‘সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ খোঁজে। তাদের নতুন কিছু শেখার আগ্রহ এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার মনোভাবও থাকতে হবে। গুগলে সৃজনশীলতা ও উদ্ভাবনকেও গুরুত্ব দেওয়া হয়।
পিচাই আরও বলেছেন, কোম্পানি বিনামূল্যে খাবার দেয়। তার মতে, এটা দলগত চিন্তাভাবনা তৈরি করে এবং সৃজনশীল ভাবনাগুলোকে অনুপ্রাণিত করে। সুন্দর পিচাই নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন। গুগলে তাঁর কর্মজীবনের প্রথম দিনগুলোতে তিনি বেশিরভাগ সময় কাফেটেরিয়ায় কাটাতেন। সেখানে কাজ সংক্রান্ত বিভিন্ন আলোচনা হতো।
পিচাই জোর দিয়ে বলেছেন, গুগলের এই ধরনের উদ্যোগ খরচের চেয়ে অনেক বেশি সুবিধা দেয়। এটি গুগলের সহযোগিতামূলক পরিবেশকে উত্সাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জুন ২০২৩ অনুসারে, গুগলে ১ লাখ ৭৯ হাজারেরও বেশি কর্মচারী কাজ করছেন। শ্রেষ্ঠ প্রতিভাদের আকর্ষণ করার ক্ষেত্রে এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এখনও শীর্ষে রয়েছে। সুন্দর পিচাই বলেছেন, প্রায় ৯০ শতাংশ চাকরিপ্রার্থী, যারা গুগলে চাকরির অফার পান, তাঁরা তা গ্রহণ করেন। এটি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কোম্পানির দৃঢ় আবেদন এবং স্থিতিশীলতার প্রতিফলন।
এন্ট্রি-লেভেলের চাকরিতে প্রতিযোগিতা কঠিন হচ্ছে। তাই, প্রার্থীদের অবশ্যই নিজেদের মধ্যে কিছু আলাদা গুণ থাকতে হবে বা কিছু আলাদা করতে হবে।
গুগলের সাবেক নিয়োগকারী কর্মকর্তা নোলান চার্চ বলেছেন, চাকরিপ্রার্থীদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। এর মানে শুধু গুগলের মূল্যবোধগুলো বোঝা নয়, কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্যের নির্দিষ্ট দিকগুলো সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা। চার্চ চাকরিপ্রার্থীদের পরামর্শ দিয়েছেন, তাঁরা অন্যদের সঙ্গে নিজেদের আবেগ, প্রতিশ্রুতি এবং পেশাগত সাফল্য শেয়ার করবেন।