বিএনপি’র কয়েকজন উপদেষ্টা জয়কে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমেরিকায় জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো। সেখানে এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। দেশে যারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো তাদের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। এদেশের গরিবের টাকা লুট করে বিদেশে বসে ষড়যন্ত্র করবে তা হতে দেয়া যাবে না। এদেশের মাটিতে তাদের বিচার করা হবে। বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। মসজিদ, মন্দির, গীর্জা, গাড়ি পুড়িয়েছে। পুরোহিত ও শিক্ষকদের হত্যা করে তারা দেশকে অস্থিতিশীল করে সরকারকে উত্খাত করতে চেয়েছিলো। এভাবে সরকার উত্খাত করা যায় না। এখন আবার তারা দেশে গুপ্ত হত্যা শুরু করেছে। পরিকল্পিতভাবে তারা এ গুপ্ত হত্যা চলাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই মতবিনিময় সভা বিশাল সভায় পরিণত হয়। বৈশাখের প্রচণ্ড গরমকে উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে ছুটে আসেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি, এফবিসিসিআই-র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মদ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। একই স্থানে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার নবনির্মিত ভবন, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুত্ফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেললাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশে বলেন, সরকার উত্খাত করতে না পেরে বিএনপি জামায়াত এখন গুপ্ত হত্যা করছে। মানুষ পুড়িয়ে মারা ও ধ্বংস ছাড়া তারা কিছুই করতে পারে না। তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তিনি আরো বলেন, দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। পদ্মা সেতু নিয়ে আমাদের এ কলঙ্ক দেয়ার ষড়যন্ত্র হয়েছিলো। তাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। বিএনপি-জামায়াত পদ্মা সেতু নিয়ে যদি ষড়যন্ত্র না করতো তবে এ সেতুর কাজ এতো দিনে আরো এগিয়ে যেতো। আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাবো। আওয়ামী লীগের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন করা। শেখ হাসিনা বলেন, এই দেশের মানুষের জন্য আমার বাবা-মা-ভাই-বোন সবাই জীবন দিয়ে গেছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এদেশের মানুষের জন্য কিছু করতে চাই।
বাংলাদেশের উন্নয়নকে অনেকে বিস্ময় বলেন, আমি বলি এটি বিস্ময় নয়, বিশ্বাস। দেশের জনগণের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আমার প্রতিও দেশের মানুষের বিশ্বাস বয়েছে। এই বিশ্বাস আছে বলেই দেশের উন্নতি করতে পারছি। আন্তরিকতা ও ত্যাগের মহিমা নিয়ে নিয়ত ভালো রেখে কাজ করছি বলেই যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সাফল্য অর্জন করছি’।
স্বাস্থ্যখাতে তার সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখাতে উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আরো তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ করছি। এছাড়া প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে। গণমুখী স্বাস্থ্য নীতি দিয়েছিলাম, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। এখন এমন সময় এসেছে যেখানে নার্সরাও পিএইচডি করতে পারবেন, আমরা সে সুযোগ করে দিয়েছি।
বাংলাদেশের প্রতিটি জেলায়-জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। উচ্চ শিক্ষা পর্যন্ত মেধাবৃত্তি দিয়ে যাচ্ছি ১ কোটি ৭০ লাখ ছাত্র-ছাত্রীকে। আজকে বই-খাতা কিনতে হয় না, আমরা সবই দিচ্ছি। দেশে এখন ৩ কোটি ৮৪ লাখ মেট্রিক টন খাদ্য নিরাপত্তা হয়েছে। মানুষের চাহিদা বদলে গেছে কারণ পেটে খাবার আছে। এখন মানুষ বিদ্যুত্ চায়, স্কুল চায়-আর আমরা তাই করছি’।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় গোপালগঞ্জবাসী বৈরিতার শিকার ছিল। অবহেলিত ছিল। সেটি হয়েছিল একটি বিশেষ কারণে। সে সময় বাজেটে টাকা দেয়া হতো, তবে কাজ ও উন্নয়ন হতো না। এক সময় এখান থেকে বিশ্ববিদ্যালয়ও সরিয়ে নেয়া হয়েছিল।
এ দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।