৫২ বিশেষ ডেস্ক।।
স্থানীয় সংসদ সদস্য ও একজন পৌর মেয়রের প্রভাব বিস্তারের কারণে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল শনিবার ৪র্থ ধাপের দেশের অন্যান্য ইউপির সাথে এ ১৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। ইউপিগুলো হচ্ছে- আউচপাড়া, বাসুপাড়া, দ্বিপপুর, গোবিন্দপাড়া, গনিপুর, নরদাশ, যোগাডাংগা, শুভডাংগা, বড়বিহানালী, গোয়ালকান্দি, হামিরকুত্সা, ঝিকড়া, যোগীপাড়া, কাচারী কোয়ালী পাড়া, মাড়িয়া ও শ্রীপুর।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব জেসমিন টুলি গতরাতে ওই ১৬ ইউপির নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। ইসি সূত্র জানায়, রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন -এ অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়ে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া এ উপেজলার তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রকাশ্যে পিস্তল বহন করে নির্বাচনী প্রচারণা চালান এবং ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করেন বলেও নির্বাচন কমিশনে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, ইউপি নির্বাচনের নির্বাচনী আচরণ বিধিমালার ২২ ধারা অনুযায়ী অতিগুরুপূর্ণ ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নিষিদ্ধ।