নূরুল আমিন,৫২ ভোলা দক্ষিন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের এওয়াজপুরে কাবার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শশীভূষন বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী জাকির হোসেন(৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাকির হোসেন রসুলপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার সামনে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পুলিশ ঘাতক কাবার্ড ভ্যানটি আটক করেছে। রাতেই জাকির হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।জাকির হোসেনের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এলাকা ও শশীভূষন থানা সূত্র জানায়,শশীভূষন বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী জাকির হোসেন মোটর সাইকেলযোগে শশীভূষন বাজার সংলগ্ন এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার সামনে রাত পৌনে ১২টায় পৌঁছলে চরফ্যাশন থেকে শশীভূষন বাজারের উদ্দেশ্যে আসা একটি কাবার্ড ভ্যান জাকির হোসেনকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে থাকা জাকির হোসেন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় কাবার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যায়।পরিবারের সদস্যরা জাকির হোসেনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুব কবির ইলেকট্রিক ব্যবসায়ী জাকিরকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে বলে জানান।
নিহত জাকির হোসেনের পারিবারিক সূত্র জানায়,বুধবার(২০এপ্রিল) সকাল ১১টায় জানাযা নামাজ শেষে জাকির হোসেনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ ব্যাপারে শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সহ দূর্ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাবার্ড ভ্যানটি আটক করা হয়েছে।কাবার্ড ভ্যানটির চালককে আটক করা সম্ভব হয়নি।নিহত জাকির হোসেনের পরিবার মামলা না করায় পরিবারের ইচ্ছায় লাশ পরিবারের নিকট রাতেই ফেরত দেয়া হয়েছে বলেও তিনি নিউজ চ্যানেল ৫২ কে জানান।