ইয়ামিন হোসেন, ৫২ ভোলা উত্তর প্রতিনিধি।।
ভোলার মেঘনা- তেঁতুলিয়া নদীতে প্রভাবশালীরা নিষিদ্ধ জাল পেতে অবাধে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা নিধন করছেন। এতে প্রতিদিন লাখ লাখ রেণু যেমন ধ্বংস হচ্ছে, তেমনি বাধাগ্রস্থ হচ্ছে ইলিশসহ বিভিন্ন মাছের বংশ বিস্তার।
অবৈধভাবে মাছ ধরা হলে অচিরেই নদী মাছশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মধ্যে পড়েছে ভোলার মৎস্য সম্পদ।
অভিযোগ রয়েছে, মৎস্য বিভাগসহ কোস্টগার্ড কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ায়, দেশের বিশাল এ মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে। ভোলার মেঘনা- তেঁতুলিয়া নদী জেলেদের জন্য উন্মুক্ত হলেও অধিক মুনাফার আশায় প্রভাবশালী একটি চক্র কারেন্ট জালের চেয়েও ক্ষতিকর জাল ব্যবহার করে জাটকাসহ মাছের ডিম পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে।
ভোলার রাজাপুর, ইলিশা, কাচিয়া, শিবপুর, মদনপুর, দৌলতখানের মেদুয়া, তজুমদ্দিনসহ বিভিন্ন ডুবোচরে এসব জাল পাতা হয়। কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. নুরুউদ্দিন খালিদ বলেন, তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি এবং গত শুক্রবার আমরা বরিশাল মেহেন্দিগঞ্জ এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকার বাগদা রেণু আটক করে পড়ে ইলিশা ঘাটে এনে অবমুক্ত করে দিয়েছি।