মহাকাশে হচ্ছে রিসোর্ট নির্মাণ!
মহাকাশ পর্যটনের জন্যে দিনের পর দিন কাজ করে চলেছে বহু প্রতিষ্ঠান, যেমন- ভার্জিন গ্যালাকটিক, ব্লু অরিজিন ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই মহাকাশে গিয়ে ঘুরে এসেছেন পর্যটক নিয়ে, যদিও এটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এখন, মার্কিন মহাকাশ স্টেশন বানানোর প্রতিষ্ঠান ভাস্ট পরিকল্পনা করছে, মহাকাশেই একটি রিসোর্ট নির্মাণের, যাতে করে পর্যটকরা মহাকাশে দীর্ঘ সময় কাটাতে পারবেন।
ভাস্টের মতে, এটি হবে মহাকাশে তৈরি হওয়া প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন। ‘হ্যাভেন-১’ নামক এই মহাকাশ স্টেশনটির কাজ শুরু হবে আগামী বছরেই। স্টেশনটি হবে পৃথিবীর যেকোনো বিলাসবহুল রিসোর্টের মতোই। ফলে, মহাকাশে থাকার সময় পর্যটকরা পাবেন হোটেলের মতো সকল সুযোগ-সুবিধা।
এই হ্যাভেন ১ মহাকাশ স্টেশনে একসঙ্গে চারজন পর্যটক থাকতে পারবেন। পৃথিবীতে তৈরি এই স্টেশনটিকে মহাকাশে পাঠানো হবে ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে। ২০২৬ সালের মধ্যেই এই বাণিজ্যিক মহাকাশ স্টেশনে পর্যটকদের থাকার জন্য প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত বিভিন্ন দেশের নভোচারীরা মহাকাশ সম্পর্কিত গবেষণা করেন। কিন্তু, হ্যাভেন ১ স্টেশনটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র পর্যটকদের জন্য। স্টেশনটির রুমে বসে মহাকাশের দৃশ্য উপভোগের পাশাপাশি, যদি চান, পৃথিবীতেও ফোন কল করতে পারবেন পর্যটকরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্পেসনিউজ ডটকম