৫২ গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজধারী অপরাধের অভিযোগে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেয়রের বরখাস্তের আদেশে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
মেয়র মান্নানের এক আবদনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এর আগে গত ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মান্নানকে বরখাস্ত করে আদেশ দেন।
মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গ্রহণ করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্টলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
মান্নানের অবর্তমানে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।