**সালমান খানের নিরাপত্তার চিন্তায় ভাইজানের পরিবার ও ভক্তরা**
বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা নিয়ে নানা কথা এখন চলছে। তার বাবা সিদ্দিকের হত্যার পর থেকে ভাইজানের পরিবার বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছে। এই বিষয়ে সম্প্রতি সালমানের ভাই আরবাজ খান মুখ খুলেছেন।
গত শনিবার দশেরার রাতে রাজনৈতিক নেতা এবং সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। এই হত্যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। লরেন্স বিষ্ণোই এর আগেও সালমানকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে। বাবা সিদ্দিকের সঙ্গে শুধু সালমানই নয়, তার গোটা পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশের ধারণা, বাবা সিদ্দিককে হত্যা করে লরেন্স বিষ্ণোইয়ের দল সতর্কবার্তা দিচ্ছে সালমানকে।
বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক নিয়েও এই হত্যার পর আবার আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, সালমানের সঙ্গে বন্ধুত্বের বিনিময়ে মূল্য দিতে হয়েছে বাবা সিদ্দিককে। ফলে, সালমানের ভক্তরা ভাইজানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভাইজানের পরিবারও অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে।
এই পরিস্থিতিতে পুলিশ, প্রশাসন ও সালমানের পরিবার তার নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে। জুম চ্যানেলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আরবাজ খান সালমানের সুরক্ষা নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, “আমরা সবাই ঠিকই আছি। তবে পুরোপুরি ভালো আছি, তা বলা যাচ্ছে না। কারণ, আমার পরিবার এখন অনেক সমস্যায়। ঘরের সবাই খুব চিন্তিত। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সাবধানতা নিচ্ছি। সরকার ও পুলিশও তাদের দিক থেকে যা যা করা দরকার, তাই করছে। সবাই মিলে সালমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমরাও যা কিছু করা দরকার, সবটাই করছি। আমাদের উদ্দেশ্য ওই, সালমান যেন সবদিক থেকে নিরাপদ থাকে।”
প্রসঙ্গত, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমানের নাম জড়িয়েছিল। এরপর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দল ভাইজানকে হত্যার হুমকি দিচ্ছে। কিছুদিন আগে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালিয়েছিল দুজন দুষ্কৃতকারী। এমনকি, লরেন্স বিষ্ণোইয়ের দল সালমানের বাবা ও লেখক সেলিম খানকেও হত্যার হুমকি দিয়েছিল। বাবা সিদ্দিকের হত্যার পর সালমানের বাসার বাইরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।