রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন নিয়ে দুই মাস পর প্রতিবেদন দেবে ইউনেস্কো। তবে এই প্রতিবেদন বাংলাদেশকে তারা দেবে না। এই প্রতিবেদনের আলোকে কিছু পরামর্শ দেবে তারা এবং সেই অনুযায়ী বাংলাদেশকে কাজ করতে হবে।
প্রসঙ্গত, বিশেষজ্ঞ দলটির প্রতিবেদনের ওপরই নির্ভর করছে জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের নাম থাকা না থাকার বিষয়টি।২৩ মার্চ বাংলাদেশে আসে ইউনেস্কোর প্রতিনিধি দল। ২৮ মার্চ রাতে তারা ফিরে যায়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রি-অ্যাকটিভ মনিটরিং মিশন নামের তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ফানি এডলফাইন ডাউভিরি, নাওমি ক্লেয়ার ও মিজুকি মুরাই। প্রথম দিন তারা রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গেও কথা বলেন।এরপরের দু’দিন সুন্দরবন ও এর আশপাশের এলাকা, মংলাসহ সুন্দরবনের যেসব নদীতে কার্গো ডুবির ঘটনা ঘটেছে সেসব এলাকা পরিদর্শন করেন তারা। সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে তারা ঢাকা ত্যাগ করেন।
ইউনেস্কোর সফর সম্পর্কে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হান্নান বলেন, সুন্দরবন ঘুরে তারা একটি প্রতিবেদন তৈরি করবে। সেই প্রতিবেদন তারা বাংলাদেশকে দেবে না। সেই প্রতিবেদনের আলোকে তারা বাংলাদেশকে সুন্দরবন রক্ষার বিষয়ে কিছু পরামর্শ দেবে। যাতে সেসব বিষয়ে বাংলাদেশ উদ্যোগ নিতে পারে।এদিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি সূত্র জানায়, ইউনেস্কো প্রতিনিধি দলটি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা কয়লা পরিবহন, পরিবহনের সময় দুর্ঘটনা হলে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, বিদ্যুৎকেন্দ্রের চিমনি কেমন হবে, কয়লা বোঝাই জাহাজ আসার পথে নদীতে ডুবে গেলে করণীয় কী হবে, সুন্দরবন থেকে এই কেন্দ্রের দূরত্বসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় গ্রামবাসীরা বলেন, আমরা অক্ষত সুন্দরবন চাই। একই সঙ্গে এলাকার উন্নয়নে বিদ্যুৎকেন্দ্রও চাই।
এদিকে শেষ দু’দিন প্রতিনিধি দলটি পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ আটটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্র জানায়, সভায় প্রতিনিধি দলটি রামপাল প্রকল্প চালু হওয়ার পর এর পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো সাংগঠনিক ও কারিগরি কাঠামো রয়েছে কিনা, খুলনা ও সুন্দরবনকে ঘিরে মন্ত্রণালয়ের অনেক বড় পরিকল্পনা রয়েছে। যেমন মংলা বন্দর সম্প্রসারণ, পায়রা বন্দর নির্মাণ, নদী খনন এসব প্রকল্প সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলবে, তার মূল্যায়ন প্রতিবেদন তৈরি হয়েছে কিনা, এ বিষয়ে জানতে চেয়েছে।অন্যদিকে সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করছে পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের সফরসূচিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা শাখা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং রামপাল এলাকার পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো বৈঠক করেনি।
সংগঠনের নেতারা বলেন, একতরফা আলোচনা করে ইউনেস্কো কোনো প্রতিবেদন দিলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা বৈঠক করতে চেয়েছি। তারা বৈঠক করেনি। ফলে আমরা রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করব।
ইউনেস্কো ঐতিহ্য রক্ষায় পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশ দেয়। সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায়।