
ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট
প্রায় দুই বছর পর একক কনসার্টে ফিরছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি সর্বদা তার প্রতিবাদী গানের জন্যই পরিচিত।
২২ নভেম্বর বিকেল ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে 'গানে গানে সায়ান' শীর্ষক আয়োজনে গাইবেন তিনি। কয়েক বছর পর তাকে একক কনসার্টে দেখার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা।
কনসার্টের আয়োজক 'আজব কারখানা' এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সায়ান দুই ঘণ্টারও বেশি সময় ধরে গান গাইবেন।
সায়ান বলেন, 'আজব কারখানার আয়োজনে আবার একক কনসার্টে গান গাইতে পারছি। এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটেছে। একজন সঙ্গীতশিল্পী হিসেবে, সেই কঠিন সময়ের দুঃখ আর আশা-আকাঙ্ক্ষা নিয়েই সবার সামনে উপস্থিত হতে চাই। আপনাদের সঙ্গ আমার সবসময়ই শক্তি জোগায়।'
গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছিলেন সায়ান। তারপর থেকে দেশে আর কোনো একক শো করেননি তিনি।
বাংলাদেশসহ সারা বিশ্বের অন্যায়ের প্রতিবাদ করে গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সায়ান। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে 'আবরার ফাহাদ', 'আমার নাম প্যালেস্টাইন' এবং 'কালো মানুষ'।
প্রতিবাদের গান ছাড়াও প্রেম ও বিরহের গানও করেছেন তিনি। এর মধ্যে রয়েছে 'তার চেয়ে মেনে নাও', 'হঠাৎ করেই চোখ পড়েছে', 'এক হারিয়ে যাওয়া বন্ধু', 'মুখোশ' এবং 'ফিরতে ঘরে ভয়'।
'আজব কারখানা'র প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, 'সায়ান তেমন একজন শিল্পী নন যিনি নিয়মিত কনসার্টে উপস্থিত থাকেন। তিনি নিজের মতোই সংগীত চর্চা করেন। তবে আমি জানি আমার মতো অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকেন। তাই এই আয়োজন।'
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে 'গেট সেট রক ডটকম' ওয়েবসাইটে। তিন ধরনের টিকিট রয়েছে যার মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024