সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে আজ মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে চাপ থাকায় তাকে কেবিনে পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে ভর্তি করার জন্য বলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমএ মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এমএ মান্নানকে। সেখান থেকে চিকিৎসকেরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর ওই দিন বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর সেখানকার চিকিৎসকেরা তার চিকিৎসা করছিলেন।
এমএ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। সর্বশেষ গত রোববার আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু জামিন মঞ্জুর হয়নি।
এমএ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে তার শাস্তির দাবিতে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাধিকবার বিক্ষোভ করেছেন।
সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন। তবে এখন পর্যন্ত এমএম মান্নান ছাড়া এ মামলার এজাহারনামীয় আর কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এমএ মান্নান সরকারের যুগ্ম সচিব হিসেবে চাকরিজীবন শেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সুনামগঞ্জ-৩ আসনে ২০০৮ সাল থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের পর সরকারের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান। এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও তাঁকে মন্ত্রী করা হয়নি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024