আনন্দ, আবেগ, স্মৃতি ও বন্ধুত্বের অনন্য মিলনমেলায় উদযাপিত হলো পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী। সম্প্রীতি তাদের শিক্ষা জীবন প্রতিবন্ধী মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের ২৫ বছর পূর্তি উদযাপন করেন।
১৯৬৩ সালে মরহুম আব্দুল লতিফ মুন্সী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনীতে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে অবস্থানরত ব্যাচমেটরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের স্কুলজীবনের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রেজাউল করিম, মো. মকবুল হোসেন, আব্বাস আলী খান, আব্দুল হামিদ খান, বি. এম. আসাদুজ্জামান মঞ্জু এবং আব্দুল খালেক। এ সময় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রয়াত শিক্ষকদের, যাঁদের শিক্ষা, আদর্শ ও প্রেরণা আজও প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে আলোকবর্তিকা হয়ে রয়েছে।
অনুষ্ঠানে প্রয়াত দুই সহপাঠী মিঠু ও রিনির স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এক মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণের মাধ্যমে তাঁদের প্রতি সম্মান জানানো হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবার, জীবনসঙ্গী ও সন্তানেরাও এ আয়োজনে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, শিক্ষক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি মিলন, র্যাফেল ড্র এবং ফটোসেশন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় ফিরে আসে স্কুলজীবনের অগণিত স্মৃতি, হাসি আর প্রাণবন্ত আড্ডা।
সাংস্কৃতিক পর্বে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি আদনান, সেলিম, রুবেল ও আমিনুলের পরিবেশনায় উপস্থিত সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
বক্তারা বলেন, এই পুনর্মিলনী শুধু ২৫ বছর পূর্তির আনুষ্ঠানিক উদযাপন নয় এটি বন্ধুত্ব, কৃতজ্ঞতা, স্মৃতি ও মানবিক সম্পর্কের এক অনন্য বন্ধন। এমন আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০০০ ব্যাচের শিক্ষার্থী ইমদাদুল হক মাসুম ও জাহাঙ্গীর করিম রুবেল। সার্বিক আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনিরুজ্জামান মনির, সেলিম মিয়া, উজ্জল হোসাইন, আলীমুজ্জামান আলিম মিয়া, হাসনাত ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, কাজী মাহমুদুন্নবী সুমন, অ্যাডভোকেট হাফিজুর রহমান শাওন, মিজানুর রহমান শিমুল, ফরিদুর রহমান রাজীব ও নবিরুজ্জামান নবীনসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।
এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী শামস্ আল রশিদ মনিম অনুষ্ঠানে চা, কফি, পান ও ফুচকা স্পন্সর করে আনন্দ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল ২০০০ ব্যাচের শিক্ষার্থী উজ্জল হোসাইনের প্রতিষ্ঠান ‘দ্য থিঙ্ক স্টোরি’।
রজতজয়ন্তীর এই মিলনমেলা অংশগ্রহণকারীদের হৃদয়ে হয়ে থাকবে স্মরণীয় এক অধ্যায়, যেখানে ২৫ বছরের ব্যবধান মুছে গিয়ে আবারও ফিরে এসেছিল সেই প্রিয় স্কুলজীবনের দিনগুলো।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024