
৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার দলটির নেতাদের ঘোষণা অনুযায়ী দুর্বার আন্দোলন দেখার অপেক্ষায় আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি তো আইনের শাসনে বিশ্বাসী না। তারা আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান না। বিএনপি নেতারা নিজেরাই বার বার বলছেন, তারা দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনতে চান। আমরা তাদের দুর্বার আন্দোলন দেখার অপেক্ষায় আছি।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময়, স্থানীয় সংসদ সদস্যদের আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে প্রার্থী না হতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। সাধারণ সম্পাদক বলেন, যারা এমপি হতে পারেননি, তারা যেন নেতা হওয়ার সুযোগ পায়। তবে জেলা পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন এমপিরা। কারণ কেন্দ্রের সঙ্গে তাদের সমন্বয় করতে হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।
কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু মুজিববর্ষের উদযাপন বর্ণাঢ্য হবে, তাই এবার জাতীয় কাউন্সিল তেমন কালারফুল হবে না। বিদেশিদেরও দাওয়াত করা হবে না। কারণ মুজিববর্ষের অনুষ্ঠানে অনেক বিদেশি অতিথিকে দাওয়াত দেয়া হবে। কাউন্সিলে বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হবে বলেও জানান কাদের।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সম্মেলনে জাতীয় কমিটির কলেবর বাড়বে না জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে কমিটির কলেবর এখন পর্যন্ত বাড়ানোর চিন্তা ভাবনা নেই। সম্পাদকীয় পদ ছাড়া কোনো পদেই বাড়ানোর সম্ভাবনা নাই।
পেঁয়াজের অস্বাভাবিক দাম প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তবে শিগগিরই তা কমে যাবে। কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে বাংলাদেশে। আর যারা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত হলে অবশ্যই সাজা পাবে তারা।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024