
গাজীপুরের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মীকে মারধর করে আহত করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছলেমউদ্দিন (৫৮) নামের এক নিরাপত্তা প্রহরী প্রায় দুই বছর ধরে জয়দেবপুর থানাধীন পূর্ব নয়নপুর এলাকায় ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে কর্মরত আছেন। এলাকায় পূর্ব বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তাঁর ছেলেদের সঙ্গে কয়েকজনের শত্রুতা চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি, আবিক, হারুন, মনির হোসেন, শাকিল ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে নজরুল ইসলামের নির্দেশে তারা গেট ভাঙচুর করে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।
প্রহরী মোছলেমউদ্দিন তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও গালিগালাজ করে এবং চেয়ারম্যান ও তাঁর ছেলেদের যেখানে পাবে সেখানেই হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে আহত প্রহরী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এদিকে অভিযোগে বলা হয়েছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ উপস্থিতির খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024