
পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন গাড়িতে আলগা স্টিকার লাগানো থাকে। এর কোনো প্রয়োজন নেই। এভাবে কাগজে পেশাগত পরিচয় লিখে গাড়িতে লাগিয়ে চলাফেরা করে তল্লাশি এড়ানোর সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি বলেন, পুলিশ লেখা স্টিকার লাগিয়ে যদি গাড়ি চলে, দেখা গেল যে ৯৯টা পুলিশের গাড়িতে স্টিকার লাগানো আছে, কিন্তু একজন সন্ত্রাসী সেই সুযোগ নিয়ে তার গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে তল্লাশির বাইরে থেকে অপরাধ সংঘটিত করছে। এজন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই পুলিশ, ডিএমপি অথবা আইনজীবী, সাংবাদিক এই সমস্ত লেখা আলগা স্টিকার লাগিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না।
কোন কোন ক্ষেত্রে কীভাবে প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করা যাবে, সে বিষয়ে ব্রিফিংয়ে ব্যাখ্যা দেন পুলিশ কমিশনার। এ ব্যাপারে তিনি বলেন, কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে, প্রতিষ্ঠানের নামাঙ্কিত গাড়ি নিয়ে অফিসিয়াল কাজে গেলে সেটিতে সমস্যা নেই। আছাদুজ্জামান মিয়া বলেন, দু-একজন মানুষ আইন না মানলে তাদের জোর করে মানানো যায়। তবে অধিকাংশ মানুষ আইন না মানলে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য তাদের আইন মেনে চলানো কঠিন হয়ে যায়। আমরা একটি জরিপ করে দেখেছি, ক্ষমতাধর ও উচ্চপদস্থ কর্মকর্তারা উল্টো পথে গাড়ি চালান। এসব বিষয় ভিডিও ফুটেজ ও ছবি তুলে আমরা ওসব কর্মকর্তার সংশ্লিষ্ট বিভাগে দিয়েছি।
মোটরসাইকেলে চড়ে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করে কমিশনার বলেন, আমরা গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিয়মিত চেকপোস্ট বসাব। সব ধরনের সন্দেহজনক গাড়ি তল্লাশি করব। কোনো আরোহীর সঙ্গে ব্যাগ থাকলে সেটিও পুলিশ সদস্যরা তল্লাশি করবেন।
সংসদ সদস্যদের গাড়িতে ব্যবহূত স্টিকার পরিবর্তন হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, স্পিকার সংসদ সদস্যদের গাড়িতে ব্যবহারের জন্য গোলাকার স্টিকার নিষিদ্ধ করে নতুন ত্রিকোণ স্টিকার অনুমোদন দিয়েছেন। সংসদ সদস্যদের নিজের গাড়িতে ১ সিরিয়ালের স্টিকার, পরিবারের গাড়িতে ২ সিরিয়ালের, সংসদের কর্মকর্তা-কর্মচারী ৩ নম্বর সিরিয়াল, সংসদ সচিবালয়ের জন্য ৪ নম্বর সিরিয়াল এবং ব্যক্তিগত গাড়ির জন্য ৫ নং সিরিয়ালের স্টিকার ব্যবহার করা যাবে।
তিনি আরো বলেন, জরুরি সার্ভিসে থাকা গাড়িগুলো যেসব সরঞ্জাম ব্যবহার করে, অনেকে তা ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করেন। আমরা তা নিষিদ্ধ করেছি। এছাড়া ব্যক্তিগত গাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট (অত্যধিক উজ্জ্বল) ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যারা এসব ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024