চুয়াডাঙ্গার দর্শনায় অস্ত্রধারী এক দুর্বৃত্ত এনজিও ব্যুরো বাংলাদেশের শাখা অফিসে ঢুকে লুটের চেষ্টা করেছে। সে মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় কার্যালয়ে ঢুকে হিসাবরক্ষক ফেরদৌস আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটের চেষ্টা করে। কিন্তু ওই কর্মকর্তা চিৎকার করে উঠলে দুর্বৃত্ত পালিয়ে যায়।
যাওয়ার আগে ওই হিসাবরক্ষকের টেবিলের পাশে বোমার ন্যায় একটি বস্তু রেখে যায় ও বাইরে থেকে অফিসের দরজা বন্ধ করে দেয়। চিৎকার শুনে এলাকার লোকজন সেখানে এসে দরজা খুলে ওই কর্মকর্তাকে উদ্ধার করে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ডিবি'র কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া বোমাটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট যশোর থেকে দর্শনা রওনা দিয়েছে।
হিসাবরক্ষক ফেরদৌস আলম জানান, দুর্বৃত্তটি অজ্ঞাতপরিচয় ছিল। টেবিলের পাশে বোমার মতো কিছু রেখে অস্ত্রের মুখে তাকে জিম্মি করার পর লুটের চেষ্টা করে। কিন্তু তিনি সাহস দেখিয়ে জানালার কাছে যান ও 'ডাকাত ডাকাত' বলে চিৎকার দিতে থাকেন। এরপর দুর্বৃত্তটি পালায়।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার তদন্ত করছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে আসার জন্য বলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে তদন্ত করছি। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।'
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024