
৫২ জাতীয় ডেস্ক।।
আগামী পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে এখন নানা আশ্বাস প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচিত হলে একটি আধুনিক সবুজ ঢাকা উপহার দেয়ার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল আজ মশা নিধন, বায়ুদূষণ রোধ, নাগরিক সুবিধার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নগর প্রশাসন প্রতিষ্ঠাসহ ১৯ দফা ইশতেহার প্রকাশ করেছেন। নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পে, রিকশা, প্রচার ভ্যানে উচ্চকিত মাইকের আওয়াজ, যুবক, নারী-পুরুষ ও কিশোরদের সম্মিলিত মিছিলে শ্লোগানে মুখরিত পাড়া-মহল্লা, সাদা-কালো পোষ্টারে নানা প্রতীক ও প্রার্থীদের ছবিতে শোভিত অলি-গলি, বাজারে দোকানে ভোটের গুঞ্জন-এ যেন এক দারুণ ভোট উৎসব।
এ অবস্থায় গতকাল ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে আজ নতুন উদ্যমে প্রচারণার মাঠে নেমেছেন। আজ সকালে উত্তরায় এক প্রচার সমাবেশে অংশ নিয়ে আতিকুল ইসলাম নগরবাসীকে ভোট কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তার দলীয় প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচিত হলে একটি আধুনিক সবুজ ঢাকা উপহার দেয়ার অঙ্গীকার করেছেন।
এদিকে, ঢাকা উত্তরে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল আজ মশা নিধন, বায়ুদূষণ রোধ, নাগরিক সুবিধার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নগর প্রশাসন প্রতিষ্ঠাসহ ১৯ দফা ইশতেহার প্রকাশ করেছেন।
বিরোধী দলে থেকে ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ পাশে থাকলে আমার দেওয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারব।
ইশতিহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো.শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ।
ওদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগরবাসীর খেদমত এবং তাদের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করবেন বলে ওয়াদা করেছেন।
আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ইশরাক হোসেন জানান, আমি ঢাকার সন্তান। এখানে বিবিধ নাগরিক সমস্যার মাঝে আমি বেড়ে উঠেছি। এ সমস্যাগুলো আমার জানা রয়েছে। এই শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় আমি সব করব। আমার জীবন উৎসর্গ করবো জনগণের খেদমত এবং নগরবাসীর উন্নয়নে।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ অভিযোগ করেছেন বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
আজ রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আধুনিক ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেইসাথে ঐতিহ্যের ঢাকা, আধুনিক ঢাকা, উন্নত ঢাকা ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যেসব নতুন ওয়ার্ড ঢাকার সাথে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডগুলোতে নগরের সব আধুনিক সুবিধা দেয়া হবে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।
আজ দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে মিলন বলেন, ইভিএম বা জেনারেল ভোট- এটা নিয়ে আমার কোনো আপত্তি অনাপত্তি কিছু নেই। মূল বিষয় হলো সরকার না চাইলে ইভিএম বলেন আর জেনারেল বলেন নির্বাচন কমিশন কোনাভাবেই সুষ্ঠু ভোট করতে পারবে না।
এ সময় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন রাজধানী ঢাকাকে যানজট মুক্ত রাখাসহ ১৭ দফা নির্বাচনী ইশতেহার পেশ করে বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকা সিটির উন্নয়নে ২০ বছরের মহা পরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনি প্রচার চলাকালে দক্ষিণ সিটির নৌকা প্রতীকের এবং ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতরাতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024