
৫২ জাতীয় ডেস্ক।।
এম,লুৎফর রহমান,নরসিংদী থেকে।।
নরসিংদী: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৩ টার দিকে পলাশ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার ব্যক্তিগত সহকারী সহ কমপক্ষে ৫ ব্যক্তি আহত হয়েছে। ঐক্যফ্রন্ট প্রার্থী ড. মঈন খান জানান, নির্বাচনী প্রচারণার কাজে পলাশ উপজেলার পারুলিয়া মোড়ে পূর্ব নির্ধারিত উঠান বৈঠকের কর্মসূচী ছিল। সেখানে যাওয়ার পর কতিপয় আওয়ামী সন্ত্রাসীরা উঠান বৈঠকে বাধার সৃষ্টি করে।
এ বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়েরের জন্য পলাশ উপজেলা পরিষদে যান। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের দু'তালায় উঠার সময় পূর্ব থেকে ওৎপেতে কয়েকজন আওয়ামী সন্ত্রাসী তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধোর করে। এতে ড. মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাদুর ভূঁইয়া মিল্টন গুরুতর আহত সহ কমপক্ষে ৫ ব্যক্তি আহত হয়। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্যক্তিগত সহকারী মিল্টনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ড. মঈন খান নির্বাচনী কাজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছিল। সিঁড়ি দিয়ে উঠার সময় কয়েকজন অবাঞ্চিত লোক মঈন খানের ব্যক্তিগত সহকারীর উপর হামলা চালায়।
বেলাব উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার
এদিকে নরসিংদীর বেলাব উপজেলা চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপি’র আহবায়ক আহসান হাবিব বিপ্লবকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে তার বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফার তাকে গ্রেফতার করে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024