
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে বহুলালোচিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিজেপিশাসিত অসমের প্রতিবাদী জনতা উত্তাল হয়ে ওঠায় পুলিশের গুলিচালনা ও অন্যান্য ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। বেসরকারি গণমাধ্যমে অবশ্য নিহতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে বলে জানানো হয়েছে।
বিতর্কিত নাগরিকত্ব বিলটি লোকসভায় ও রাজ্যসভায় পাস হওয়ায় অসম, ত্রিপুরা ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে তীব্র প্রতিবাদ আন্দোলন হচ্ছে। গতকালই বিলটিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করায় বৃহস্পতিবার থেকে তা আইনে পরিণত হয়েছে।
ওই আইনের প্রতিবাদে সবচেয়ে বেশি বিক্ষোভ-আন্দোলনে ফেটে পড়েছে অসমের স্থানীয় সাধারণ মানুষজন। অসমের গুয়াহাটির লাচিতনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দীপাঞ্জল দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংবাদে প্রকাশ, গুয়াহাটির হাতিগাঁও শঙ্কর পথে পুলিশের গুলিতে এক জন মারা গিয়েছেন। বেসরকারি সূত্রের দাবি, শঙ্কর পথে মৃতের সংখ্যা দুই। বশিষ্ঠ নতুন বাজার এলাকাতেও এক জন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। তিনসুকিয়ায় বিক্ষোভকারীরা এক হোটেলে আগুন ধরিয়ে দিলে নারায়ণ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত বিহারের বাসিন্দা নারায়ণ বাবু হিজুগুড়ি এলাকায় বাঙালি মালিকানাধীন একটি হোটেলে কাজ করতেন।
এদিকে শুক্রবার গুয়াহাটিতে অল অসম স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘নাগরিকত্ব আইন বাতিল করো’, ‘গো-ব্যাক অমিত শাহ’ ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন করেন। ডিব্রুগড়ে আজ সকাল ৮ টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে।
আজ মেঘালয়ের রাজধানী শিলংয়ে একই ইস্যুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রতিবাদী জনতা রাজভবনের কাছে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পুলিশ এসময় লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
রাজ্যটিতে নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পরে শিলংয়ে কারফিউ জারি করা হয়। আজ সকাল ১০ টা থেকে ১২ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হলে ওই ঘটনা ঘটে। গত(বৃহস্পতিবার)রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার পরে শিলংসহ গোটা মেঘালয় জুড়ে ইন্টারনেট ও এসএমএস পরিসেবা বন্ধ রাখা হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024