৫২ জাতীয় ডেস্ক।।
নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নিউজিল্যান্ডে দুষ্কৃতিকারীদের হামলায় বাংলাদেশের পাঁচজনসহ ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। তাদের নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, একই সঙ্গে এ হামলার ঘটনায় মন্ত্রিসভা নিন্দা প্রস্তাব গ্রহণ করে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রিসভা।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত ও নিউজিল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সফিউর রহমান জানিয়েছেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে জঙ্গি হামলায় নিহত অর্ধশত ব্যক্তির মধ্যে পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ (সোমবার) থেকে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানিয়েছেন, নিহতদের স্বজনদের নিউজিল্যান্ডে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কৃষিবিদ ড. আবদুস সামাদের পরিবার তার লাশ সেখানেই দাফন করতে চায়। এ জন্য বাংলাদেশ থেকে নিহতের বড় ছেলে ক্রাইস্টচার্চ যাবেন। ড. সামাদের স্ত্রী ও দুই ছেলে নিউজিল্যান্ডেই আছেন।

ক্রাইস্টচার্চের হামলায় প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন, সিলেটের গোলাপগঞ্জের হুসনে আরা পারভীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিম, নরসিংদীর পলাশ উপজেলার জাকারিয়া ভূঁইয়া (৩৪) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওমর ফারুক। এ ঘটনায় আহত কয়েকজন বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান জানান, আহতাবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে লিপি নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার আরেক দফা অস্ত্রোপচার করা হতে পারে। তবে পায়ে গুলিবিদ্ধ মুতাসসিম ও শেখ হাসান রুবেল এখন শঙ্কামুক্ত।
গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় চরমপন্থি অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এতে অর্ধশত মানুষ নিহত ও বহু আহত হয়েছেন। ব্রেন্টন ট্যারেন্টকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।
এদিকে, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি হুসনা আহমেদের স্বামী ফরিদ আহমেদ বলেছেন, তিনি হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন।
ডেনস অ্যাভিনিউ মসজিদের একজন সিনিয়র নেতা ফরিদ আহমেদ বলেন, ‘আমার অসংখ্য বন্ধুর সাথে আমার প্রাণপ্রিয় স্ত্রীকেও যার কারণে হারাতে হয়েছে তার প্রতি আমি কোনো ঘৃণা পোষণ করছি না। আমি আমার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী তাকে ক্ষমা করে দিয়েছি।’
তিনি বলেন, আমার স্ত্রী সব সময় বলতেন, কারো প্রতি ঘৃণার মনোভাব দেখিও না, সবাইকে সব সময় ভালোবাসবে। তা হলেই পৃথিবীতে শান্তি আসবে।
স্ত্রীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন ফরিদ
উল্লেখ্য, ১৯৯৪ সালে স্বামীর সাথে নিউজিল্যান্ডে পাড়ি জমান সিলেটের বিশ্বনাথের হুসনা আহমেদ। ২০০৪ সালে এক সড়ক দুর্ঘটনায় দুই পা হারান স্বামী ফরিদ আহমেদ। সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। স্বামীকে সার্বক্ষণিক দেখাশোনা করতেন হুসনা আহমেদ।
গত শুক্রবার স্বামীকে মসজিদে নিয়ে যান তিনি। পরে নিজেও নামাজের জন্য মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত কক্ষে চলে যান। ফরিদ আহমেদ বলেন, হঠাৎ গুলির শব্দের মাঝে দেখি আমার স্ত্রী এসে আমাকে বের করে নিয়ে যাচ্ছে। সে দ্রুত আমাকে নিরাপদ দূরত্বে নিয়ে বলল তুমি এখানে থাকো, আমি আটকে পড়া মহিলা ও শিশুদের বের করার চেষ্টা করি। এ কথা বলে সে আবার মসজিদে প্রবেশ করল। ইতোমধ্যে আবার শুরু হয়েছে বন্দুকধারীর তাণ্ডব। তারপরও তিনি আশায় ছিলেন, হয়তো তার স্ত্রী বেঁচে যাবে। কিন্তু তার আশা সফল হয়নি। কিছুক্ষণ পর তিনি স্ত্রীর মৃত্যু সংবাদ পান।
গতকাল রোববার নিউজিল্যান্ডবাসী বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নিহতদের প্রতি। এসময় ফরিদ আহমেদ হামলাকারী সম্পর্কে বলেন, আমি সত্যিই তাকে ক্ষমা করে দিয়েছে। আমার মনে হয় তার জীবনে কোনো কালো অধ্যায় আছে। হয়তো সে কখনো কারো ভালোবাসা পায়নি। আমি তাকে ঘৃণা করতে পারি না, সত্যিই পারি না। হুসনা যা চাইত, আমিও তা-ই চাই। আর তা হচ্ছে ক্ষমা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024