
৫২ রাজনীতি ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে হাইকোর্টের প্রধান ফটকে বিএনপি নেতাদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ (মঙ্গলবার) বেলা ১টার পর রাজধানীর হাইকোর্ট এলাকায় সড়ক অবরোধ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন দলের নেতা-কর্মীরা। হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত তাঁরা অবস্থান নিয়ে তারা খালেদা জিয়ার মুক্তি, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচির কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরে যেতে বলে। এসময় পুলিশের দিকে ইটপাটকেল ছোঁড়া হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। একইসঙ্গে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে বিএনপির নেতা-কর্মীরা পল্টনের দিকে চলে যান। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, “তারা (বিএনপি নেতা-কর্মী) অবৈধভাবে ব্যস্ত সড়ক অবরোধ করেছিলেন। আমরা একাধিকবার তাদেরকে সরে যাওয়ার জন্য বলেছি। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা করে এবং যানবাহনে ভাঙচুর চালায়।” বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024