
‘তিরাস’: এক মণিপুরি মায়ের ট্র্যাজিক গল্প
সম্প্রতি মণিপুরি গ্রাম ঘোড়ামারায় ‘তিরাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। ১৫ মিনিটের এই ছবিটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় নির্মিত হয়েছে এবং এর ইংরেজি সাবটাইটেল থাকবে।
চলচ্চিত্রটির নির্মাতা শুভাশিস সিনহা জানিয়েছেন, গরুর দুধ বিক্রি করে সংসার চালানো এক মণিপুরি মহিলার জীবনের ট্র্যাজিক গল্পের ওপর ভিত্তি করে তিনি এই সিনেমাটি নির্মাণ করেছেন।
চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা ও শিশুশিল্পী অথৈ। এছাড়াও ছবিতে আছেন বিধান, সমরজিৎ, স্বর্ণালী ও শ্যামলী। নির্বাহী প্রযোজক উত্তম কুমার সিংহ ও সাজেদুল ইসলাম। চিত্রগ্রহণ আবিদ মল্লিক ও সংগীত পরিচালনা করেছেন শর্মিলা সিনহা।
মণিপুরি থিয়েটারের অডিও-ভিডিও প্ল্যাটফর্ম ‘তাহারা’ থেকে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
নির্মাতা জানিয়েছেন, প্রান্তিক পর্যায়ের নাট্য আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রের স্বাধীন এবং নিজস্ব ধারা তৈরির প্রয়াসে তাহারা থেকে এর আগে আরও চারটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘আলো আমার আলো’, ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’, ‘তেই’ ও ‘ইনাফি’।
শুভাশিস সিনহা বলেন, ‘তিরাস’ মানে তৃষ্ণা। এ চলচ্চিত্রে একটি অত্যন্ত দরিদ্র মা এবং তার ছেলের সম্পর্ককে মণিপুরি ঐতিহ্যের পৌরাণিক গল্পের আদলে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি আশা করেন, এই মানবিক আবেদনের গল্পটি সকলকে স্পর্শ করবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024