
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
নিজে যুদ্ধ না চাইলেও ‘কঠোর হাতে’ যেকোনো আগ্রাসন
মোকাবিলা করবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে ইরান। মার্কিন সরকার যখন পারস্য
উপসাগরে নিজের সামরিক শক্তি জোরদার করছে তখন জাতিসংঘে নিযুক্ত ইরানের
স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি মার্কিন দৈনিক
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, কোনো কোনো মার্কিন কর্মকর্তা
‘ভুয়া গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে আমেরিকার প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে
সামরিক ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিচ্ছেন।
তাখতে রাভানচি
লিখেছেন, “এ ধরনের ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর ভর করে পারস্য উপসাগরে নৌবহর
পাঠিয়েছে ওয়াশিংটন। অথচ এ কাজে মার্কিন কংগ্রেসের যেমন অনুমোদন ছিল না
তেমনি আমেরিকার পশ্চিমা মিত্র দেশগুলিও এ পদক্ষেপকে ভালো চোখে দেখেনি।”
ইরানি রাষ্ট্রদূত তার
নিবন্ধে আরো লিখেছেন, “আমেরিকা বা অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ না চাইলেও
যেকোনো আগ্রাসন মোকাবিলার জন্য ইরান সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গতকাল (শুক্রবার) ঘোষণা করেছেন, তিনি অচিরেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায়
এক হাজার ৫০০ সেনা মোতায়েন করবেন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, হামলার জন্য
নয় বরং আত্মরক্ষার উদ্দেশ্যে এসব সেনাকে পারস্য উপসাগরে পাঠানো হচ্ছে।
অথচ এর আগে গত
সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা
পাঠানোর পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি
এই মুহূর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানোর প্রয়োজন অনুভব
করছেন না।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024