পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের স্নাতকোত্তর সান্ধ্যকালীন কোর্সে পড়েন। শিক্ষার্থীর অভিযোগ, দুই সন্তানের জনক অভিযুক্ত শিক্ষক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান। পরে শিক্ষার্থী বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। তখন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন।
শিক্ষককে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় চেয়ারম্যান বলেন, “শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” তিনি জানান, বিভাগের তরফ থেকে বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এস এম আব্দুল আওয়াল বলেন, “বিভাগের পক্ষ থেকে আমরা ঘটনাটি জেনেছি। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। তাঁদেরকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024