**শান্তা বাসা ভারতে, থাকবেন বলে জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়**
আজ বৃহস্পতিবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন। তিনি বলেন, নিরাপত্তার কারণে কিছুদিন আগে একটি ছোট নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। তিনি এখনও সেখানে আছেন এবং ভবিষ্যতেও সেখানে থাকবেন (কন্টিনিউ করবেন)।
গত কিছুদিন ধরে শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে চলে গেছেন তা নিয়ে আলোচনা চলছিল। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। আবার অন্য একটি দাবীতে বলা হয়েছিল, ভারত সরকার তাকে ভ্রমণের দলিলপত্র দিয়েছে। এই বিষয়ে সত্যতা কি এবং শেখ হাসিনা এখনও ভারতে আছেন কিনা, তা নিয়ে সাংবাদিকরা মন্ত্রনালয়ে এই প্রশ্ন তোলেন।
প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল। নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি খুব সংক্ষিপ্ত নোটিশে ভারতে এসেছিলেন। তিনি এখনও এখানে আছেন এবং ভবিষ্যতেও এখানে থাকবেন।
বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত প্রশ্ন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারতের অবস্থান কি তা জিজ্ঞাসা করা হলে রণধীর জয়সোয়াল শুধু এতটুকুই বলেন যে, তারা এ বিষয়ে সংবাদ প্রতিবেদন দেখেছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এছাড়া, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চসহ ৮টি জাতীয় দিবস বাতিলের সরকারের সিদ্ধান্ত সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও মুখপাত্র পুনরায় কোনো মন্তব্য করেননি।
শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে এখনও ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি। স্বাভাবিকতা ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল জানান, জরুরি কারণে এবং চিকিৎসার জন্য সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত হলে এবং সামগ্রিক পরিবেশ স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়াতেও উন্নতি আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জয়সোয়াল আরও বলেন, সে দেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর হামলা এবং দুর্গাপূজার মণ্ডপ ভাঙচুরের বিরুদ্ধে ভারত বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের এখন সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024