**জাফলং দিয়ে অনুপ্রবেশের চেষ্টা: মা-মেয়েসহ ৩ নারী আটক**
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা মা-মেয়েসহ তিন জন নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরঘাট এলাকার ১২৭২/৫ সীমান্ত পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটকের সময় ভারতে পাচারে সহায়তা করা একজন তরুণ পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করে বিজিবি।
আটক তিনজন হলেন মাগুরার শ্রীপুর কাপরিয়া গ্রামের একজন নারী (৩৮), তার ১৪ বছর বয়সী মেয়ে এবং একই জেলার শালিখা উপজেলার সাবরি গ্রামের এক তরুণী (১৮)।
বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অন্তর্গত সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১২৭২/৫ সীমান্ত পিলারের ৩০০ গজ বাংলাদেশের দিকে রানীরঘাট এলাকা দিয়ে রূপণ (২২) নামের এক স্থানীয় মানব পাচারকারী তিনজনকে অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করছিল। বিজিবির টহল দল তখন মা-মেয়েসহ তিনজনকে আটক করে। এ সময় মানব পাচারকারী রূপণ পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করেছে। তাদের থানায় সোপর্দ করার পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024