৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের ২৪ বছরের জেল হয়েছে। আজ (শুক্রবার) দক্ষিণ কোরিয়ার আদালত এ রায় ঘোষণা করেছে।
টানা ১০ মাসেরও বেশি সময় ধরে শুনানি শেষে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ১৮টি ফৌজদারি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে বান্ধবী চই সুন সিলের সঙ্গে স্যামসাং ও লোটের মতো কোম্পানিকে অবৈধ সুবিধা দেওয়ার বিষয়টিও রয়েছে।
এ সুবিধা দিয়ে প্রেসিডেন্ট পার্ক ৭৭ দশমিক ৪ বিলিয়ন ওয়ন (স্থানীয় মুদ্রা) নিয়েছেন। ওই অর্থ দিয়ে দু’টি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন তিনি। তদন্তে তা প্রমাণিতও হয়েছে।
তবে ৬৬ বছর বয়সী পার্ক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় একবছর ধরে সিউলের কাছে একটি ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং হাইয়ের মেয়ে পার্ক গিউন-হাই ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ২০১৭ সালের ১০ মার্চ তাকে অভিসংশন করা হয়।