জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের জন্য সরকার একটি পাঁচ সদস্যের পরামর্শদাতা কমিটি গঠন করেছে। আজ অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
পাঁচ সদস্যের এই পরামর্শদাতা কমিটির সদস্য সবাই এনবিআরের সাবেক কর্মকর্তা। সদস্যদের মধ্যে দুজন এনবিআরের সাবেক চেয়ারম্যান। তারা হলেন – মো. আব্দুল মজিদ ও নাসিরউদ্দিন আহমেদ। কমিটির বাকি সদস্যরা সাবেক সদস্য। তারা হলেন – মো. দেলোয়ার হোসেন (কর), ফরিদ উদ্দিন (শুল্ক) ও আমিনুর রহমান (কর)।
এই পরামর্শদাতা কমিটি এনবিআরের সংস্কারের বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। যেমন, রাজস্ব নীতি, রাজস্ব প্রশাসন, এনবিআরের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়ন, সুশাসন ও স্বচ্ছতার নীতিমালা প্রণয়ন, নাগরিক যোগাযোগ ও অংশীদার সম্পৃক্ততা কর্মকাণ্ড এবং রাজস্ব সংস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে পরামর্শ দেবে এই কমিটি।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হয়। এই সরকার বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। তার অংশ হিসেবে এবার এনবিআর সংস্কারের জন্য পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে।
এদিকে চলতি মাসে এনবিআর আয়কর আইন পর্যালোচনা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই টাস্কফোর্সের প্রধান। সাত সদস্যের এই টাস্কফোর্স পুরো আয়কর আইনটি পর্যালোচনা করবে।
জানা গেছে, এই টাস্কফোর্স আয়কর আইন, বিধি ও প্রজ্ঞাপনগুলোর খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এ ছাড়া রাজস্ব আদায়ে নতুন আইনের প্রভাবও বিশ্লেষণ করবে টাস্কফোর্স। এ ছাড়া বিভিন্ন খাতে যে কর ছাড় দেওয়া হয়েছে, সেসব কর ছাড়ের প্রভাব ও যৌক্তিকতা নিয়েও কাজ করবে এই টাস্কফোর্স। করছাড়ের বিষয়ে সুপারিশ থাকবে টাস্কফোর্সের প্রতিবেদনে।