শ্রীপুর প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরস্তায় জুয়েলারীর দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছে শতশত ব্যবসায়ীরা। ঘটনার পর পরই পুলিশ ডাকাত সন্দেহে লালু (২৮) ফাইজুদ্দিন (৫৫) কে আটক করেছে। মাওনা চৌরাস্তা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার সকাল থেকে অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ, পুরো এলাকা অনেকটাই জনশূন্য। সরেজমিনে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ইয়াকুব আলী মাস্টার সুপার মার্কেটের ২য় তলায় সঙ্গীতা জুয়েলার্সে গুলি ও বোমা ফাটিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো মাওনা চৌরস্তা এলাকায় বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আতঙ্কগ্রস্ত অধিকাংশ ব্যবসায়ীরা বন্ধ রাখে দোকানপাট। মাওনা চৌরাস্তা লুৎফা টেলিকমের মালিক আ: ছালাম জানান, ঘটনার পর থেকে তারা আতঙ্কে ভোগছেন। মাওনা চৌরস্তা এখন অনেকটাই জন শূন্য।
কিতাব আলী প্লাজার স্বর্ণ ব্যবসায়ী বি.ডি জুয়েলার্সের মালিক বিল্লাল হোসেন বেপারী জানান, ঘটনার পর থেকে মাওনার স্বর্ণ ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সকল স্বর্ণের দোকান বন্ধ রয়েছে। মাওনা চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, মাওনা চৌরাস্তায় বহু ব্যাংক, বীমা শাখা, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানীর শো-রুম, ডিলার রয়েছে। সেই অনুপাতে মাওনা চৌরাস্তা এলাকার তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। অন্যান্য ব্যবসায়ীরা জানান, চৌরাস্তায় প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হলেও তাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার এস আই আজহারুল ইসলাম জানান, স্বর্নের দোকানে ডাকাতির সাথে জড়িত সন্দেহে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) গ্রামের সাইদ আলীর পুত্র ফাইজ্জুদ্দিন (৫৫) ও গলদাপাড়া গ্রামের ফাইজ্জুদ্দিনের পুত্র লালু (২৮) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ডাকাত সন্দেহে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকে তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।