আইফোনে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি: ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা যাবে কি?
আপল সম্প্রতি আইওএস ১৮.২ এর পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করেছে। এই সংস্করণটিতে আপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজনটি হলো চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন। এর অর্থ হলো ভবিষ্যতে আইফোন ব্যবহারকারীরা আর কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা হচ্ছে তৃতীয় পক্ষের তৈরি একটি টুল হিসেবে চ্যাটজিপিটি যদি আপলের ইকোসিস্টেমে সংযুক্ত করা হয়, তাহলে এটি ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য একটি হুমকি তৈরি করতে পারে। তবে আপেল জানিয়েছে যে চ্যাটজিপিটিকে আইফোনে যুক্ত করার এই পদক্ষেপটি অনেক চিন্তাভাবনার পরে নেওয়া হয়েছে। কোনো ব্যবহারকারী চাইলে তারা যেকোনো সময় চ্যাটজিপিটির কার্যক্রম চালু বা বন্ধ করতে পারবেন।
ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগের বিষয়ে আপেল জানিয়েছে যে আইফোনের ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা নতুন কিছু অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে কিছু ক্ষেত্রে কিছু পরিমাণ তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু এটি সীমিত পরিসরে থাকবে। এমনকি ব্যবহারকারীর কোনো তথ্য সংগ্রহ করার আগেও তাদের অনুমতি নেওয়া হবে।
আপেলের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক সংস্করণে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে ভার্চুয়াল সহকারী সিরি এখন আরও বিস্তারিত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম হবে। এছাড়াও, এখন সিরি ব্যবহার করে ইমেইল বা অন্য যেকোনো বার্তা খুব দ্রুত লেখা সম্ভব হবে। সিরি, লেখার টুল এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স পরিষেবাগুলিতে চ্যাটজিপিটি ব্যবহার করার সময় খুব কম তথ্য সংগ্রহ করা হবে। তবে ডিকটেশন ফিচারটি ব্যবহার করার সময় চ্যাটজিপিটি তুলনামূলকভাবে বেশি তথ্য সংগ্রহ করবে।
সূত্র: ইন্ডিয়া টুডে