**ইউটিউবে ক্যামেরায় ধারণ করা ভিডিওতে লেবেল যোগ হচ্ছে**
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অনেকে ছবি ও ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করেন। কিন্তু অনেকেই এআই দিয়ে তৈরি এসব ছবি বা ভিডিও চিনতে না পারার কারণে নানা সমস্যায় পড়ে যান। এ সমস্যা সমাধানের জন্য ইউটিউব এখন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে “ক্যাপচারড উইথ এ ক্যামেরা” নামের একটি লেবেল যোগ করবে। এই লেবেল ব্যবহার করে ভালো মানের কনটেন্ট বা মূল নির্মাতাদের তৈরি ভিডিও সহজেই আলাদা করা যাবে।
ইউটিউবের তথ্যমতে, ভিডিওর বিভিন্ন দৃশ্য ও শব্দ খতিয়ে দেখে এই লেবেল যোগ করা হবে। শুধু যেসব ক্যামেরা ও যন্ত্র কোয়ালিশন ফর কনটেন্ট প্রভিনেন্স অ্যান্ড অথেনটিসিটি (সিটুপিএ) ফ্রেমওয়ার্ক সমর্থন করে, সেগুলোর মাধ্যমে ধারণ করা ভিডিওর বর্ণনা অংশেই এই লেবেল দেখা যাবে। ফলে যেসব ক্যামেরা ও যন্ত্র সিটুপিএ সমর্থন করে না, সেগুলো দিয়ে ধারণ করা ভিডিওগুলো আগের মতোই ইউটিউবে লেবেল ছাড়াই দেখা যাবে।
প্রসঙ্গত, এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশের জন্য ইউটিউবের পৃথক নীতিমালা রয়েছে। সেখানে বলা হয়েছে যে, ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলোর তুলনায় এআই দিয়ে তৈরি ভিডিও চিহ্নিত করার জন্য ভিডিওর বিবরণে অবশ্যই তা উল্লেখ করতে হবে নির্মাতাদের। ফলে দর্শকেরা সহজেই জানতে পারবেন যে, কোন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এআই দিয়ে তৈরি ভিডিওতে যদি ভুল বা মিথ্যা তথ্য থাকে, তবে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে সেই ভিডিওটি মুছে ফেলবে।