৫২ রাজনীতি ডেস্ক।।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ১১ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ওই সংঘর্ষ হয়।
নিহত ইয়াসিন সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সংঘর্ষে আহত হয়েছেন হারুনুর রশিদ। তিনি একই কলেজের বিএসএস পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন ও আহত হারুনুর রশিদ একসময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপগণশিক্ষা–বিষয়ক সম্পাদক আবদুল আহাদের অনুসারী ছিলেন। সম্প্রতি আহাদের পক্ষ ত্যাগ করেন ইয়াসিন। এ নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ রিয়াজ উদ্দিন বাজারে দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইয়াসিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘নিহত ইয়াসিন কলেজ ছাত্রলীগের কর্মী। আমাদের মিছিল-মিটিংয়ে আসত। সে আহাদের অনুসারী। তবে হারুনকে চিনি না। আর এই সংঘর্ষের ঘটনায় সংগঠনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় হারুনুর রশিদকে আটক করে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুত্র-প্রথম আলো।