গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে জনসাধারণের মতামত ও পরামর্শ ও অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে জয়দেবপুর থানা সংলগ্ন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি প্রমুখ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ওপেন হাউজ ডে তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে উঠে আসে বিভিন্ন অভিযোগ, তার মধ্যে কেউ কেউ অভিযোগ করেন পার্শ্ববর্তী থানার অপরাধীরা জয়দেবপুর থানা এলাকায় আশ্রয় নিলেও পুলিশ তাদেরকে গ্ৰেফতারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এছাড়াও বাড়িয়া ইউনিয়নসহ অনেক এলাকায় মাদক কারবারি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সখ্যতা বজায় রাখার অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে অনেকে। মাদক কেনাবেচা ও ডাকাতি রোদে পুলিশকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান উপস্থিত অনেকেই।
পুলিশ সুপার শরিফ উদ্দিন মাদকবিরোধী, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণের ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশকে ভুল তথ্য দিয়ে অযথা হয়রানি করবেন না। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্যও আহবান জানান তিনি।