৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের উপস্থিতির বিষয়ে আবারও আমেরিকাকে সতর্ক করেছে চীন।
রুশ বার্তাসংস্থা স্পুৎনিক চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ডেস্ট্রয়ার পাঠিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আমেরিকা। গত সোমবার মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাইডেড ক্ষেপণাস্ত্রে সজ্জিত ডেস্ট্রয়ার “ইউএসএস প্রেবল” দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছে। গত এক মাসে দক্ষিণ চীন সাগরে এটি আমেরিকার দ্বিতীয় সামরিক তৎপরতা।
দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে বেইজিং-র সঙ্গে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনেই’র বিরোধ রয়েছে। বেইজিং দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশের মালিকানা দাবি করে আসছে। এখানকার দ্বীপগুলো তেল এবং গ্যাস সম্পদে সমৃদ্ধ।