৫২ খেলাধুলা ডেস্ক।।
ক্রিকেট বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ‘আনপ্রেডিক্টেবল’ খ্যাত পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ (শুক্রবার) নটিংহামে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ১০৫ রানে ইনিংস গুটিয়ে নেয় পাকিস্তান। ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রতিপক্ষের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ক্রিস গেইল ৫০ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩৪ বলে ছয় চার ও তিন ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি।
অবশ্য ওপেনার শেই হোপ (১১) ও ড্যারেন ব্রাভো (০) খুব একটা সুবিধা করতে পারেননি। নিকোলাস পুরান শেষ দিকে ৩৪ রানের একটা ইনিংস খেলেন।
আজকের ম্যাচে পাকিস্তানকে আশাবাদী করতে পারে আমিরের বোলিং। গত চ্যাম্পিয়ন্স লিগের পর নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন। এদিন দারুণ বোলিং করেছেন তিনি। ক্যারিবিয়ানদের হারানো ৩টি উইকেটই পেয়েছেন তিনি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দারুণ কয়েকটি শট খেলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার ফখর জামান। তবে আরেক ওপেনার ইমাম-উল-হকের উইকেট তুলে নেয়ার পর বদলে যায় পরিস্থিতি। যদিও উইকেটে নেমে বাবর আজমও খেলছিলেন ভয়ডরহীন ক্রিকেট। তখনই বোলিংয়ে পরিবর্তন আনে উইন্ডিজ। বল হাতে নিয়েই ফখরকে বোল্ড করেন আন্দ্রে রাসেল।
এরপর শুরু হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। উইকেটে নেমেই তড়িঘড়ি করতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে দলীয় ৮৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে সংগ্রহ করে ফাখার ও বাবর। এ দুই ব্যাটসম্যান ছাড়া কেবল দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পেরেছেন মোহাম্মদ হাফিজ (১৬) ও ওয়াহাব রিয়াজ (১৮)। মূলত রিয়াজের ব্যাটেই দলটি একশর কোটা পেরিয়েছে। বর্ণহীন ম্যাচে শেষ দিকে ১টি চার ও ২টি ছক্কা মেরে দর্শকদের কিছুটা বিনোদন দিয়েছেন তিনি।

উইন্ডিজের প্রায় সব বোলারই ভুগিয়েছে পাকিস্তানকে। তবে সেরা বোলার তরুণ ওশানে থমাসই। ২৭ রান দিয়ে পেয়েছেন ৪টি উইকেট। অধিনায়ক জেসন হোল্ডার নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া রাসেল ২টি ও শেল্ডন কট্রেল ১টি উইকেট পান।