৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
তুরস্কের স্থানীয় সরকার নির্বাচন ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রোববার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে স্ত্রী এমিনি এরদোগানসহ ইস্তাম্বুলের ওসকাডার এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তুমুল জনপ্রিয় এই তুর্কি প্রেসিডেন্ট।
এসময় ইস্তাম্বুলের মেয়র আলি ইয়ার্লি কায়া, ওসকাডারের মেয়র হিলমি তুর্কিমান ও ক্ষমতাসীন একে পার্টির ইস্তাম্বুলের প্রধান শিন আওজাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ভোটকেন্দ্রের সামনে জড়ো হওয়া হাজারো সমর্থককে প্রেসিডেন্ট এরদোগান হাত নেড়ে অভিবাদন জানান। ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রেসিডেন্ট এরদোগান জানান, ইস্তাম্বুলে নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে আঙ্কারায় যাবেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আজ নির্বাচনের দিন। ভোটের সারাদিন ও রাতের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও নির্বাচন কমিশনের দিকেও আপনারা ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নজর রাখুন।