**বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করলেন**
বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল টি আহমেদ। আজ, বৃহস্পতিবার তিনি বেসিস কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিভিন্ন মেয়াদে বেসিসের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি, রাসেল টি আহমেদ দুই মেয়াদ ধরে সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি বেসিসের সভাপতি ও নির্বাহী পরিষদের পরিচালক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আপনাদের ভালোবাসায় দেওয়া দায়িত্ব পুরো সময় পর্যন্ত পালন করতে না পারায় বেসিসের সব সদস্যের কাছে ক্ষমা চাইছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে আমি সব সময় চেষ্টা করে যাব।”
এর আগে, গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেসিসকে ফ্যাসিবাদমুক্ত করে প্রশাসক নিয়োগের দাবি জানান। তারা দাবি করেন, বেসিস দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে। সংস্থার কার্যনির্বাহী কমিটিতে পলাতক ফ্যাসিবাদী ও তাদের অনুসারীরা রয়েছে। তারা সংগঠনকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যবহার না করে নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যবহার করেছে।
গত মে মাসে অনুষ্ঠিত বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।