গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ এবং কথিত অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১০টায় টঙ্গীর গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নেতাদের প্রতি সমর্থন ও সংহতি জানাতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন।
প্রতিবাদ সভায় যাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়, তারা হলেন গাজীপুর মহানগরের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কাজী দাউদ এবং ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলমগীর পাঠান ও ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খালেক মিয়া।
সভায় বক্তারা অভিযোগ করেন, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে পুনরায় তার সাংগঠনিক পদে বহাল রাখারও দাবি জানান।
বক্তারা আরও বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।