নূরুল আমিন, ভোলা দক্ষিণ প্রতিনিধি ।।
ভোলার মনপুরার মেঘনায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু সহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।আহতাবস্থায় হাসপাতালে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধশত যাত্রী। বৃহস্পতিবার সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি মেঘনায় এ দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র ও আহতাবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মনপুরার নহিম মাঝির ট্রলারটি দেড়শতাধিক যাত্রী নিয়ে মনপুরার কলাতলী থেকে রামনেওয়াজ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি পৌঁছলে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়।
ঘটনাস্থল থেকে শিশু সহ ৬ জনের লাশ উদ্ধার করে ৫জনকে মনপুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এক বৃদ্ধার লাশ মনপুরা ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। নিহত যাত্রীরা হচ্ছে-জেসমিন(২২),রুপা(সাড়ে ৩বছর),তাহমিনা(দেড় বছর),তানজু(আড়াইবছর),রনি(দেড় বছর) ও বিবি আয়েশা(৭০)। এসময় ট্রলার থেকে দ্রুত বের হতে গিয়ে আরো কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।আহতদের মধ্যে গুরুতর আহত মোঃ রেদওয়ান(৯), জেসমিন(৪০), খতেজা(৫০), আমেনা(৬০), আম্বিয়া(৪৫), নুরনাহার(৩২), বারেক(৪০), ছালেকা(৩০), কহিনুর(২৮), রোকেয়া(৩০) ও এমরান (৩২) সহ ২৫জনকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করে জানান,আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ট্রলার ডুবির খবর পেয়ে ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ও কোস্ট কমান্ডার দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে অর্ধডুবন্ত অবস্থায় কাটাখাল ঘাটে রাখা হয়েছে বলে জানা গেছে।