**আমরা কেন ভাবি যে আমরাই ঠিক আছি, যখন আসলে ভুল আমরা**
দুটি মানুষকে একটু কল্পনা করুন। একজনের কাছে সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে। কিন্তু সে দ্বিধায় ভুগছে, সিদ্ধান্ত নিতে পারছে না। আরেকজনের কাছে যথেষ্ট তথ্য না থাকা সত্ত্বেও সে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনটা প্রায়ই ঘটে। কেন এমনটা ঘটে?
এখানে যে ‘ফ্যাক্টর’টি কাজ করে তা হল আত্মবিশ্বাস। প্রথম ব্যক্তির আত্মবিশ্বাস নেই। দ্বিতীয় ব্যক্তির আত্মবিশ্বাস আছে বটে, একটু বেশিই আছে।
আপনি বুঝতে পারছেন যে সামনের লোকটি ভুল করেছে বা ভুল বলছে। কিন্তু সে নিজে কিছুতেই বুঝতে পারছে না। এটি আপনার জন্য কিছুটা হতাশাজনক। মানুষ কেন এমন করে?
সম্প্রতি প্লস ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। গবেষণাটি পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক দল। এতে উঠে এসেছে, ভুল করেও নিজেকে সঠিক মনে করার পেছনের মানসিক কারণগুলি। সেই কারণগুলি কী? আসুন জেনে নেওয়া যাক।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, এই গবেষণার সহলেখক অ্যাঙ্গুস ফ্লেচার বলেন, নিজেকে সবসময় সঠিক ভাবার পেছনে প্রধান কারণ হল অতিরিক্ত আত্মবিশ্বাস। যখন কোনও মানুষ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, তখনই শুধুমাত্র খুব কম তথ্যের ভিত্তিতে খুব সামান্য সময়ে সে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। কিন্তু সে ভাবে সে আসলে ভুল করেনি।
গবেষণাটি কীভাবে হল
1300 জনের ওপর এই গবেষণাটি পরিচালিত হয়। তাদের গড় বয়স 40 বছর। তাদের সবাইকে একটি কাল্পনিক গল্প দেওয়া হয়।
প্রথম 500 জনকে গল্পটির সঙ্গে চারটি যুক্তি দেওয়া হয়। এই গল্প যে সত্য, তার পক্ষে তিনটি যুক্তি দেওয়া হয়। আরেকটি ‘নিরপেক্ষ’ যুক্তি দেওয়া হয়। যার অর্থ হল, গল্পটি সত্য হতে পারে আবার নাও হতে পারে।
পরবর্তী 500 জনকেও চারটি তথ্য দেওয়া হয়। এই গল্প যে সত্য নয় (বা মিথ্যা), তার পক্ষে তিনটি যুক্তি দেওয়া হয়। আর চতুর্থটি একটি নিরপেক্ষ যুক্তি, যার অর্থ হল, গল্পটি মিথ্যা হতে পারে আবার নাও হতে পারে।
বাকি 300 জনকে সব (সাতটি) যুক্তি দেওয়া হয়। তিনটি যুক্তি গল্পটির পক্ষে। তিনটি যুক্তি গল্পটির বিপক্ষে। আর একটি নিরপেক্ষ।
এরপর এই 1300 জনকে জানতে চাওয়া হয়, গল্পটি সত্য নাকি মিথ্যা।
প্রথম 500 জনের অধিকাংশই বলেছেন গল্পটি সত্য। দ্বিতীয় 500 জনের অধিকাংশই বলেছেন গল্পটি মিথ্যা। আর এই 1000 জনের প্রায় সবাই তাদের উত্তরের সঠিকতার বিষয়ে অধিক আত্মবিশ্বাসী ছিলেন।
শেষ 300 জনের মধ্যে যারা 7টি যুক্তি ভালোভাবে পড়েছেন, সময় নিয়ে উত্তর দিয়েছেন—তাদের মধ্যেই সঠিক উত্তর দেওয়া প্রতিযোগীদের সংখ্যা বেশি। অথচ, তারা নিজেদের উত্তর সম্পর্কে বেশি আত্মবিশ্বাস দেখাননি।
ফলাফল
এখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো হয় যে অল্প তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিরা তাদের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের বেশি আত্মবিশ্বাসী মনে করেন। আর অল্প বা একপক্ষীয়ভাবে বিষয়টি বিশ্লেষণ করার কারণে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের সঠিক মনে করেন।
তবে ঢালাওভাবে এই মন্তব্য করা যাবে না। অনেকের নানা কারণে অল্প সময়ে, কম তথ্য বিশ্লেষণ করেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে পারে। আবার অনেকে অনেক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দ্বিধাগ্রস্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেন।