সরকারের সংস্কার কার্যক্রম পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন যাচাই এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং পদ্ধতি প্রয়োগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘নির্বাচনী প্রতিশ্রুতি, সংস্কার ও তথ্য যাচাই’ শীর্ষক এই বিশেষ কর্মশালায় বাংলাদেশের ৩০টি জেলার ৩৫ জন সাংবাদিক এবং ইআরএফ-এর ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অধিবেশনে নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট ও সিপিডি-র সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট তারান্নুম জিনান অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালা তাঁর উদ্বোধনী বক্তব্যে অর্থনৈতিক সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। সিপিডি-র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকরা এক অপরিহার্য ভূমিকা পালন করতে পারেন।”
কর্মশালায় নাগরিক প্ল্যাটফর্মের তত্ত্বাবধানে তৈরি করা ওয়েবসাইট — ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ এবং এর নতুন সংযোজন ‘ম্যানিফেস্টো ওয়াচ’—এর সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন সিপিডি-র অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নাজিবা মোহাম্মদ আলতাফ। তাঁরা দৈনন্দিন সাংবাদিকতায় এই টুলগুলো ব্যবহারের পদ্ধতি হাতে-কলমে প্রশিক্ষণ দেন, যা সাংবাদিকদের পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করবে।
কর্মশালার দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন (আরটিআই)-এর কার্যকর ব্যবহারের ওপর প্রশিক্ষণ পরিচালনা করেন মিডিয়া রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং অপতথ্য ও অপপ্রচার শনাক্তে আধুনিক ফ্যাক্ট-চেকিং কৌশলসমূহ নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন ডিজিটালি রাইট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের সম্পাদক এবং নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি সাংবাদিকদের নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “গণমাধ্যমকর্মীদের প্রধান পরিচয় হবে তাঁরা সাংবাদিক। শিরোনাম-নির্ভর সাংবাদিকতা নাগরিকের জীবন এবং রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে; তাই প্রতিটি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডি-র সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ তৈরির ওপর জোর দেন। সমাপনী অধিবেশনে ইআরএফ-এর সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এই কর্মশালাটি আয়োজনে সমর্থন দিয়েছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও ইউএনডিপি, বাংলাদেশ।