সাভারে সেপটিক ট্যাংকে নেমে মারা গেলেন দুই শ্রমিক
সাভারের এক নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক খননের কাজে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে শুক্রবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে।
মারা যাওয়া শ্রমিকদের নাম আনিসুল হক (৩৬) ও সাইফুল (৪২)। আনিসুল হক রংপুরের কোতোয়ালি থানার আবদুল সামাদের ছেলে। আর সাইফুল ভোলার দৌলতখান থানার আবুল কাশেমের ছেলে। দুজনেই সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার ভাড়া বাসায় থাকতেন এবং নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, শুক্রবার সকালে প্রায় ১০টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে প্রবাসী লাল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের ভিতরে কাজ করার জন্য নামেন শ্রমিক আনিসুল। কিছুক্ষণ পরে তার কোনো সাড়াশব্দ না শোনায় সাইফুল সেই সেপটিক ট্যাংকের ভিতরে নামেন। এরপর দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা সাভারের চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লামিমা লিমা বলেছেন, “দুপুর পৌনে ১২টার দিকে আনিসুল হক ও সাইফুলকে হাসপাতালে আনা হয়। আমরা তাদেরকে দুজনকেই মৃত অবস্থায় পাই।”