সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৫ জন পুলিশকে হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার দুপুরে তাদের চৌহালী উপজেলার দুটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং এনায়েতপুর থানা যুবলীগের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী আইয়ুব আলী শেখ (৪৮)।
আইয়ুব আলী চৌহালীর এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামের সন্তোষ আলীর ছেলে। গতকাল রাতে এনায়েতপুর গ্রামের কেজির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর আশরাফুল আলম চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের বৌন্যা গ্রামের সোহরাব আলীর ছেলে। আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলা করে পুলিশ সদস্যদের হত্যার মামলায় যুবলীগ নেতা আইয়ুব আলী ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা মামলার এজাহারনামীয় আসামি নন। আজ বিকেলে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুর থানার ১৫ জন পুলিশ সদস্যকে হত্যা এবং থানা ভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয় হাজার ব্যক্তিকে আসামি করে গত ২৬ আগস্ট এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।