৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ইসলামী প্রজাতন্ত্র ইরান রোববার অত্যাধুনিক সামরিক যোগাযোগ সিস্টেম ‘সেপেহর-১১০’ উদ্বোধন করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এই ব্যবস্থা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি বিশেষজ্ঞরা কোনো ধরণের বিদেশি সহযোগিতা ছাড়াই এ ব্যবস্থা তৈরি করেছেন। সালামি আরও বলেন, শত্রুরা ক্রমেই ইরানের শক্তি উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শক্তিধর দেশগুলোর একচ্ছত্র আধিপত্য ইরান নষ্ট করে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ইরানে নির্মিত সেপেহর-১১০ যোগাযোগ ক্ষেত্রে সামরিক বাহিনীর সব ধরণের চাহিদা মেটাতে সক্ষম। ভূমি, আকাশ ও পানিতে এ ব্যবস্থা কাজ করবে।
যুদ্ধের সময়ও কোনো ধরণের সমস্যা ছাড়াই এই ব্যবস্থার মাধ্যমে শব্দ, চিত্র ও ডেটা গ্রহণ ও প্রেরণ করা যাবে। কারণ সেপেহর-১১০ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটাকে কোনোভাবেই হ্যাক করা যাবে না এবং রেডিও জ্যামিং ও ইলেক্ট্রোমেগনেটিক তৎপরতাও এর কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া এই ব্যবস্থায় আড়িপাতার কোনো সুযোগ নেই।