লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি ভোটের মাঠে নিজের স্থানে তাঁর বড় ছেলে ওমর ফারুককে দাঁড় করাবেন।
আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে অলি আহমদ বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশের জনগণের আবদার রেখে আমি সেখান থেকে ছেলেকে নির্বাচনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি।’ প্রসঙ্গত সাতকানিয়া, চন্দনাইশ নিয়েই সংসদের চট্টগ্রাম–১৪ আসনটি গঠিত।
অলি আহমদ আর নির্বাচন না করলেও রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। তিনি বলেন, ‘এলডিপির প্রধান হিসাবে আমি রাজনীতি চালিয়ে যাব। এলাকার মানুষের আদেশে আমার ছেলে সংসদ নির্বাচন করবে। আমি নিজে নির্বাচন করব না।’
গত শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সভা করেছিলেন অলি আহমদ। সেখানেই তিনি আর নির্বাচন না করার ঘোষণা করেন এবং তাঁর বড় ছেলে, অধ্যাপক ওমর ফারুককে মণ্ডপে উপস্থিত জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওমর ফারুক এলডিপির উপদেষ্টা পরিষদের সদস্য।
অলি আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি সাতকানিয়ায় হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সভা সমাবেশে জনগণকে বলেছিলাম, ‘আমার জায়গায় কে থাকবেন, তা আপনাদের ভাবনা। আমি আমার বড় ছেলেকে প্রস্তুত করেছি। আপনারা কি তাকে চান?’ জবাবে তারা হ্যাঁ বলেছিল। তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমি সিদ্ধান্ত ঘোষণা করেছি।’
কিন্তু রাজনীতিতে এখন পরিবারতন্ত্র নিয়েও আলোচনা সামনে এসেছে। এখানে নিজে নির্বাচন না করে আপনি আপনার ছেলেকে ভোটের মাঠে নামাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে অলি আহমদ বলেন, জনগণ শিক্ষিত ও যোগ্য ব্যক্তি চায়। সেই হিসেবে তাঁর ছেলে শিক্ষিত ও যোগ্য হলে তিনি কেন রাজনীতি করতে পারবেন না? তিনি আরও বলেন, ‘আমার ছেলে যুক্তরাষ্ট্র এবং লন্ডনে পড়াশোনা করেছে। তিনি ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এখন রাজনীতিতেও সংশ্লিষ্ট হলেন।’
অলি আহমদ বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ২০০৬ সালে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে এলডিপি গঠন করেন।