৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য এ বছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেয়া হবে। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ওইদিন পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) দেয়ার কথা রয়েছে।
এ বছর সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুরস্কারস্বরূপ চারটি ক্যাটাগরিতে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য বিপিএম-পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহের শেষ দিন মনোনীতদের এ পুরস্কার প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে ৫৯৫ কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন। গতবারের চেয়ে ৯৪ জন বেশি পুলিশ সদস্যকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৫০১ জন সদস্য।
জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।
পুলিশ সদর দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে।
মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন।